অশান্তি চান না কোনো ভোটার
কোন প্রার্থীর কী প্রতিশ্রুতি, কী উন্নয়ন পরিকল্পনা—এসব নিয়ে ভোটারদের মধ্যে জোরালো আলোচনা না থাকলেও শান্তিপূর্ণভাবে ভোটদান সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এমন ধারণাকে বিরোধী দলের অপকৌশল বা অপপ্রচার বলে মনে করছেন।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় গতকাল মঙ্গলবার ঘুরে ভোটারদের পাশাপাশি প্রচারকর্মীদের সঙ্গেও কথা হয়। এখানে মেয়র প্রার্থী আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টু এবং বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিমের দাখিল করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ ও তাঁদের প্রচার-প্রক্রিয়া থেকে ভোটারদের মধ্যে এ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুরকীমিল কলোনি এলাকার বাসিন্দা ও বিএনপির সমর্থক আমিনুল ইসলাম (৪২) বলেন, ‘আমাদের মেয়র প্রার্থীকে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারব কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে অনেক কিছুই নাকি করা হবে বলে প্রচার রয়েছে। কিন্তু বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ ভোটাররা ভোট দিতে পারলে বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিমই জয়ী হবেন বলে মত প্রকাশ করেন তিনি।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা বাজার এলাকার বাসিন্দা বিদ্যুৎমিস্ত্রি মোহাম্মদ আলী (৪৩) বলেন, ‘যা শুনতাছি, যা দেখতাছি তাতে আগামী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে মনে। আমার ভোট আমি দিতে পারব কি না তাও জানি না। বাইরে তো অনেক কিছুই শুনি।’
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব থানা পাড়ার বাসিন্দা মৎস্যচাষি মোজাফ্ফর হোসেন (৪৯) বলেন, ‘ভোটকেন্দ্রে অশান্তি হলে আমি ভোট দিতেই যাব না।’
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধনীটারী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ-সমর্থক ওয়েল্ডিং ব্যবসায়ী নিশিকান্ত রায় বলেন, ‘এবার ভোট শান্তিপূর্ণভাবেই হবে। আর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কার মেয়র প্রার্থী বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বিপুল ভোটে বিজয়ী হবেন।’
বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম বলেন, ‘আমি এবারই প্রথম মেয়র পদে নির্বাচন করছি। প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যে, এমনকি গোপনেও ভোটারদের বিপুল সাড়া পাচ্ছি। এসব ভোটার যদি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারে, তাহলে আমি ইনশা আল্লাহ জয়ী হব।’ তিনি অভিযোগ করেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণাকাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা এমপি সফুরা বেগম রুমির বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। নানা প্রতিকূলতার মাঝেও বিএনপির নেতা-কর্মী, সমর্থকেরা প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের নানাভাবে নিরুৎসাহিত করাসহ গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো হচ্ছে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, ‘আমি লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র হিসেবে অনেক উন্নয়নকাজ করেছি। যেসব উন্নয়নকাজ চলমান আছে, তা অব্যাহত রাখতে এবং আরও উন্নয়ন করতে ভোটাররা আমাকে অবারও ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থী দলীয় প্রধান না হওয়া সত্ত্বেও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং তারেক রহমানের নাম নির্বাচনী প্রচারণায় ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং রিটার্নিং কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, গত রোববার আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চারটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।