অশালীন বক্তব্য বন্ধ করতে স্পিকার চেষ্টা অব্যাহত রাখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে অশালীন, অসংসদীয় ও আক্রমণাত্মক বক্তব্য না দিতে স্পিকারের রুলিং কার্যকর হয়নি। 
অসংসদীয় ও গালিগালাজ বন্ধ করতে উভয় পক্ষে কার্যকর কোনো উদ্যোগও নেই।
এ পরিস্থিতিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে প্রতিদিন রুলিং
দেওয়া যায় না। একবার তাদের বলা হয়েছে। আশা করি, সাংসদগণ সহযোগিতা করবেন। তাঁরা সবাই ২৭০ বিধি
মেনে চলবেন। সবার সঙ্গে আরও আলোচনা করব। এর পরও কেউ অশোভন ও আশালীন ভাষা ব্যবহার করলে
প্রথমে সতর্ক করা হবে। চেষ্টা করব সবাইকে নিয়ন্ত্রণে রাখতে।’
১৬ জুন জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সাংসদেরা স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে
সাক্ষাৎ করে অসংসদীয় বক্তব্য দেবেন না বলে আশ্বাস দেন। ওই দিন স্পিকার সংসদে অসংসদীয় বক্তব্য দেওয়া
থেকে বিরত থাকার জন্য রুলিংও দেন। তিনি বলেন, কেউ অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রথমে সতর্ক করা
হবে। শেষ পন্থা হিসেবে মাইক বন্ধ করে দেওয়া হবে। স্পিকারের এই রুলিংকে সরকারি ও বিরোধী দল সমর্থন
করে সহায়তার করার আশ্বাস দেন। কিন্তু সেদিনই বিরোধীদলীয় সাংসদ সৈয়দা আসিফা আশরাফী বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যাকারী’ বলে মন্তব্য করেন।
এরপর কয়েক দিন সংসদে অশালীন বক্তব্য ও গালিগালাজ অব্যাহত থাকে। উভয় দলের সংরক্ষিত মহিলা
আসনের সাংসদেরা অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার করছেন। এ ক্ষেত্রে দুই দলকেই টেবিল চাপড়ে নিজ
নিজ দলের সাংসদকে উৎসাহ দিতে দেখা যায়।
যোগাযোগ করা হলে সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘যাঁরা সংসদে এ ধরনের কথা বলেন, তাঁদের
চিহ্নিত করে কথা বলতে না দেওয়া উচিত। এটা আমার দলেই হোক বা অন্য দলেরই হোক।’
বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্পিকারের সঙ্গে দেখা করে
আমরা এ ধরনের বক্তব্য দেব না বলে জানিয়েছি। এ ব্যাপারে স্পিকারের রুলিংকে আমরা স্বাগত জানিয়েছি।
আমরা সংসদে ইতিবাচক আলোচনা করতে চাই। তবে এ ব্যাপারে সরকারি দলকেই দায়িত্ব নিতে হবে।’