নরসিংদী পৌরসভার নিহত মেয়র লোকমান হোসেনকে নিয়ে অশালীন মন্তব্য করার জের ধরে যুবদলের এক নেতাকে মারধর করেছেন লোকমানের সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।আহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন যুবদলের যুববিষয়ক সম্পাদক এবং লোকমান হত্যা মামলার ৫ নম্বর আসামি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সমর্থক।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লোকমান হত্যা মামলার শুনানির দিন ছিল গতকাল। সকাল সাড়ে ১০টার দিকে মুখ্য বিচারিক হাকিম নিতাইচন্দ্র সাহার আদালতে হাজিরা শেষে জামিন পাওয়া আসামিরা জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় গিয়ে বসেন। এ সময় লোকমানের সমর্থকেরা আসামিদের জামিন আদেশ বাতিল ও লোকমান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একটি মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। মিছিলটি আইনজীবী সমিতি ভবনের সামনে গেলে নিচতলায় থাকা আসামিপক্ষের লোকজন নিহত লোকমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে লোকমানের সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হন এবং প্লাস্টিকের চেয়ার দিয়ে যুবদল নেতা জাহাঙ্গীরকে পেটান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লোকমানের সমর্থকেরা জজকোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এ ব্যাপারে লোকমান হত্যা মামলার ১ নম্বর আসামি সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘হাজিরা শেষে অন্য আসামিদের সঙ্গে আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় যাই। ওই সময় সদর আসনের সাংসদ নজরুল ইসলাম ও পৌর মেয়র কামরুজ্জামানের নেতৃত্বে লোকজন একটি মিছিল নিয়ে আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়।’লোকমানকে নিয়ে অশালীন মন্তব্যের ব্যাপারে সালাহউদ্দিন বলেন, ‘কেউ অশালীন মন্তব্য করেছে কি না, তা আমার জানা নেই।’অভিযোগ অস্বীকার করে সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘আমি ও মেয়র কামরুল জেলা প্রশাসকের কার্যালয়ে ই-সেবা কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করতে যাই। ওই সময় নিহত মেয়র লোকমান হত্যার বিচারের দাবিতে একটি মিছিল আদালত প্রাঙ্গণে প্রবেশ করে। কিন্তু কাউকে মারধরের ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই।’ যোগাযোগ করলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শিকদার সাংবাদিকদের বলেন, ‘বার কাউন্সিলে এমন সন্ত্রাসী হামলার ঘটনা আর কখনো হয়নি। সন্ত্রাসীদের কারণে আদালত প্রাঙ্গণেও আইনজীবীরা নিরাপদ নন।’ নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আদালত প্রাঙ্গণে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।’