প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, ‘আমার মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে “সংখ্যালঘু একটি অশালীন শব্দ”। এ শব্দ আমি ব্যবহার করতে চাই না। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় আমরা এ দেশের নাগরিক।’ গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন জেলা প্রশাসক। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানকারী তিনজন প্রত্যক্ষদর্শী জানান, সভায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার উল্লেখ করে ‘এ-জাতীয় কোনো ঘটনা ফরিদপুরে ঘটার সুযোগ নেই’ বলে মন্তব্য করেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।