অশুভ প্রতিযোগিতা ভয়াল অন্ধকারে নিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় থাকার জন্য অথবা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা এবং মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে রাখার যে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, তা দেশকে এক ভয়াল অন্ধকারে নিয়ে যাবে।

দেশের ৪০৮ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে এই শঙ্কার কথা বলেছেন।

গত সোমবার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সই করা এই যৌথ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া দেশের বেশ কিছু ঘটনা তাঁদের উত্কণ্ঠিত করেছে। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিজাত পরিবর্তন, নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে আক্রমণ, পয়লা বৈশাখের অনুষ্ঠান সংকুচিত করা, ভাস্কর্য অপসারণের দাবি, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের আপস ও আত্মসমর্পণের ঘটনায় দেশের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ ব্যথিত, ক্ষুব্ধ ও হতাশ।

বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম শিক্ষা কার্যক্রম থেকে ছবি আঁকার পাঠ তুলে দিতে চায়। তারা দাবি তুলেছে, পঞ্চম শ্রেণির পর ছেলেমেয়েদের একসঙ্গে ক্লাস করা নিষিদ্ধ করতে হবে। হেফাজতের দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তকের ব্যাপক পরিবর্তনের পর এরই মধ্যে নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এভাবে একের পর এক সমাজে শিক্ষা, রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মীয়করণ করে জঙ্গিবাদের উর্বর ক্ষেত্র তৈরি করা হচ্ছে।

বিবৃতি বলা হয়, ‘আমরা সরকারের এই আত্মঘাতী খেলা থেকে বের হয়ে আসার দাবি জানাচ্ছি এবং এই অশুভ তত্পরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আহমদ রফিক, কামাল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার, সৈয়দ হাসান ইমাম, হাসান আজিজুল হক, সনৎ কুমার সাহা, ড. অজয় রায়, ড. সফিউদ্দিন আহমদ, সাইদুর রহমান বয়াতী, ড. অনুপম সেন, আবুল মোমেন, শিল্পী আনোয়ার হোসেন, দ্বিজেন শর্মা, বেগম মুশতারী শফী, অধ্যাপক আবুল মনসুর, ডা. রশিদ–ই–মাহবুব, লায়লা হাসান, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, চলচ্চিত্রকার মসিউদ্দিন শাকের, অধ্যাপক শহীদুল ইসলাম, ম হামিদ, লাকী ইনাম, এ এন রাশেদা, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যক্ষ মো. আকমল হোসেন, সঞ্জীব দ্রং, নৃত্যশিল্পী তামান্না রহমান, নাট্যকার মান্নান হীরা, ডা. সারওয়ার আলী, মফিদুল হক, চিত্রশিল্পী আবুল বারক আলভী, আবেদ খান, কবি নির্মলেন্দু গুণ, বুলবুল মহলানবীশ, খায়রুল আনাম শাকিল, শিল্পী কফিল আহমেদ, ডা. লেনিন চৌধুরী, ডা. এম এ মতিন, আবু নাসের খান, অধ্যাপক বদিউর রহমান, মাহমুদ সেলিম, প্রবীর সরদার প্রমুখ। বিজ্ঞপ্তি।