অশুভ শক্তি ঠেকাতে প্রস্তুত সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রংপুরে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষণের পর স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রংপুরে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষণের পর স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশের অখণ্ডতা রক্ষায় যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাসদস্যদের উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাহিনী।’ গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া ‘সূচ্যগ্র মেদিনী’ প্রত্যক্ষ করার পর আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।
রংপুরের পাগলাপীর খালিয়ায় আয়োজিত মহড়ায় সেনাবাহিনীর ট্যাংক ও হেলিকপ্টার ছাড়াও আর্মি অ্যাভিয়েশন এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নেয়। মহড়া দেখতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার অব কমান্ডিং (জিওসি) ও সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক।
মহড়া দেখার পর দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদস্যদের স্মরণ করিয়ে দেন, জনগণ দেশের শক্তি এবং সেনাসদস্যরা এই জনগণের অবিচ্ছেদ্য অংশ। তিনি সেনাসদস্যদের প্রতি জনগণের আস্থা অর্জন ও তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সেনাসদস্যরা তাঁদের মহৎ কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে জনগণের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা অর্জনে অব্যাহতভাবে সক্ষম হবেন। তিনি বলেন, সরকার সম্প্রতি প্রণীত ফোর্সেস গোল-২০৩০-এর মাধ্যমে আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর দৃষ্টিতে একটি আধুনিক ও সময়োপযোগী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর অবদান আজ সর্বজন স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত।’
শেখ হাসিনা আরও বলেন, এবারও প্রশিক্ষণে বিজিবি, আনসার ও বিএনসিসি ক্যাডেটদের সম্পৃক্ত করা হয়েছে জেনে তিনি খুশি হয়েছেন। আধা সামরিক বাহিনী ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাতৃভূমি রক্ষার এই কৌশল সেনাবাহিনীর রণকৌশলে এক ভিন্ন ও প্রশংসনীয় মাত্রা যুক্ত করেছে।
যেকোনো দুর্যোগে সেনাবাহিনী পরম মমতায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন শীতবস্ত্র বিতরণ, নানা রকম চিকিৎসা-সহায়তা প্রদান ও অন্যান্য জনহিতকর কাজে নিজেদের সম্পৃক্ত করেছে জেনে সন্তোষ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।