অশুভ শক্তি যেন গুজব ছড়াতে না পারে: আইজিপি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাম্প্রতিক হামলার ঘটনার কথা উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অশুভ শক্তি যেন গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সব সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকতে হবে।
চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে গতকাল বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি পুলিশের এক সমাবেশে আইজিপি এ কথা বলেন। শহীদুল হক বলেন, ‘নাসিরনগরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তারপরও গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়েছে। এদের দেখলেই পুলিশকে খবর দিন। কেউ যেন গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
মাদকের ভয়াবহতা রোধে কমিউনিটি পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, মাদক ছাড়াও বাল্যবিবাহ, যৌতুক ও ইভ টিজিং বন্ধে গণজাগরণ সৃষ্টির কাজে সততা ও নিরপেক্ষতা দিয়ে কাজ করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রমুখ।