অশুভ শক্তি রুখতে সেনাবাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জারচর) সেনাবাহিনীর মহড়া প্রত্যক্ষ করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জারচর) সেনাবাহিনীর মহড়া প্রত্যক্ষ করেন l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা সেনাবাহিনী যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। গতকাল শনিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) সেনাবাহিনীর আক্রমণ কৌশল রপ্ত করার মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আশরাফ। সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। অত্যাধুনিক রণসজ্জা ও তাদের সুদৃঢ় কার্যক্রম পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে। এই বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত ট্যাংক, স্বচালিত কামান, রাডার বহনকারী যান, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রভৃতির ব্যবহার, প্রকৌশল ও অন্য সব কোরের পেশাদারিত্ব, সর্বোপরি বাহিনীর সার্বিক সক্ষমতা দেখে স্বস্তি প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মহড়া দেখতে এবং বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন করতে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা জাহাইজ্জার চর সফর করেন। চরটির নতুন নামকরণ করা হয় স্বর্ণদ্বীপ। নোয়াখালীর দক্ষিণে ১৯৭৮ সালে মেঘনা নদীতে জেগে ওঠে এই চর। ৩৬০ বর্গকিলোমিটার আয়তনের এই চরটি ২০১৩ সালে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও বসতি স্থাপনের উপযোগী করে তুলতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাগরপৃষ্ঠ থেকে এর উচ্চতা তিন মিটার।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সময়োপযোগী একটি আধুনিক ও উন্নত সামরিক বাহিনী গড়তে অনেক পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ সারা বিশ্বে আমাদের সামরিক বাহিনীকে উন্নত ও আধুনিক বাহিনীর মর্যাদা দিয়েছে।’ জনসেবামূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অংশগ্রহণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘শীতকালীন প্রশিক্ষণ চলাকালে শীতবস্ত্র বিতরণ, বিনা মূল্যে চিকিৎসা প্রদান তথা আপনাদের অন্যান্য সেবামূলক কার্যক্রমের কথা জানতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা যেভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা জনগণের প্রশংসা ও বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। সৈনিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি আপনারা এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখবেন এবং অর্পিত দায়িত্ব পালন করবেন।’
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সাংসদ, জিওসি ১১ এবং ৩৩ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পরে স্বর্ণদ্বীপে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার উদ্বোধন করেন। একটি নারকেলের চারা রোপণ করেন এবং ডেইরি ফার্ম ও একটি নারকেলবাগান ঘুরে দেখেন।
লন্ডনের ব্রেন্টের মেয়রের সাক্ষাৎ
লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশিদের বংশোদ্ভূতদের অংশগ্রহণ এবং দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে লেবার পার্টির নেতা জেরমি করবিনের ছায়া মন্ত্রিসভায় দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও রূপা হকের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেন।