বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টির তলিয়ে যাওয়াকে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘একটি সুখবর দিই, আল্লাহ আমাদের রহম করেছেন। ভারতের সঙ্গে পানি নিয়ে আমাদের যে বিরোধ ছিল, তার নিষ্পত্তি হয়েছে। রায় আমাদের পক্ষে এসেছে। এ রমজানে আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। আমরা সমুদ্র বিজয়ী হয়েছি।’
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে জাপা আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
‘দক্ষিণ তালপট্টি নিয়ে অনেক কথা হচ্ছে’—এ মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমি যখন রাষ্ট্রপতি ছিলাম হেলিকপ্টারে করে দূর থেকে দেখেছি। জোয়ার এলে পানিতে ভেসে যেত, জোয়ার গেলে ভেসে উঠত। এখন আল্লাহ তায়ালার আমাদের প্রতি অশেষ মেহেরবানি দক্ষিণ তালপট্টি আর নেই। পানির নিচে বিলীন হয়ে গেছে। তাই কাগজপত্রে এখন যা লেখা হচ্ছে, তা শুধুই বিতর্ক সৃষ্টির জন্য। আসলে দক্ষিণ তালপট্টির কোনো অবস্থান নেই।’
এরশাদের এ বক্তব্যের সময় উপস্থিত কেউ কেউ হাততালি দেন। ইফতারে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে কূটনীতিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এরশাদ। এতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনীতিক কোরের িডন শাহের মুহাম্মদ, সৌিদ আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইির, মিসর, ভিয়েতনাম ও ভুটানের রাষ্ট্রদূত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান দূতাবাসের ১২ জন প্রতিনিধি অংশ নেন।
এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রবীণ আইনজীবী রফিক-উল হক, ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল অংশ নিয়েছেন। আওয়ামী লীগ ও জাপার বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ইফতারে ছিলেন।
জাপার নেতাদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন না।