অশোকা চেঞ্জমেকার উইক উদ্বোধন
বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে ‘অশোকা চেঞ্জমেকার উইক ঢাকা, ২০১৬’ এর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চেঞ্জমেকার উইকের উদ্বোধন করা হয়।
অশোকা বাংলাদেশ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চেঞ্জমেকার উইকে শিক্ষার্থীরা স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের তত্ত্বাবধানে বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্দেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।
অশোকা চেঞ্জমেকার উইকের মাধ্যমে অশোকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের শিক্ষাবিষয়ক উদ্যোগ এবং কর্মকাণ্ড শুরু করবে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে ২ অক্টোবর ‘ইয়ুথ ভেনচার ডে’-তে ১২ থেকে ২০ বছর বয়সী তরুণ মেধাবীরা তাদের সৃষ্টিশীল আইডিয়া উপস্থাপন করবে। এর মধ্য থেকে ৮টি শ্রেষ্ঠ আইডিয়া নির্বাচন করা হবে, যা বদলে দিতে পারে আমাদের সমাজকে।
সংবাদ সম্মেলনে অশোকার কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ চৌধুরী বলেন, অশোকা বাংলাদেশে প্রথমবারের মতো ‘ট্রান্সফরমিং চাইল্ড হুড অ্যান্ড ইয়ুথ ইয়ারস’ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। তিনি জানান, আগামী ৫ বছর এই সংস্থাটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করবে। এভাবে কাজ করার মাধ্যমে নেতৃস্থানীয় করপোরেট ব্যক্তিত্বদের মধ্যে সমন্বয় সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী ইয়ুথ ভেনচার, চেঞ্জমেকার স্কুল এর মতো নানা কার্যক্রম পরিচালনা করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স আইভান শাফাত বারী বলেন, শুধু ভালো সিজিপিএধারী ছাত্র তৈরি করলেই হবে না, ভালো নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাই শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর প্রতিও লক্ষ্য রাখছে, যাতে শিক্ষার্থীরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ জন্য অশোকার সঙ্গে তাদের যৌথ কার্যক্রম সমাজের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অশোকার ‘ট্রান্সফরমিং চাইল্ড হুড অ্যান্ড ইয়ুথ ইয়ারস’ এর কনসালট্যান্ট জেফরুন আফছারি এবং ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিসার আনিকা তাসনীম।