অশোভন আচরণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা আবাসিক ছাত্রীবাসের আবাসিক শিক্ষক আফতাব হোসেনকে অপসারণের দাবিতে ওই ছাত্রীবাসের প্রাধ্যক্ষকে অভিযোগপত্র দিয়েছেন ছাত্রীরা।
গতকাল রোববার সকালে দেওয়া এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘আফতাব হোসেন শিক্ষার্থীদের সঙ্গে মার্জিত আচরণ করতে ব্যর্থ হয়েছেন, তাই আমরা তাঁকে আবাসিক শিক্ষক হিসেবে অযোগ্য মনে করছি।’
ছাত্রীবাসের আবাসিক ছাত্রীরা জানান, কয়েক দিন আগে ছাত্রীবাসের কয়েকজন ছাত্রী বিভিন্ন সমস্যা নিয়ে আবাসিক শিক্ষক আফতাব হোসেনের কাছে গেলে তিনি ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় অপমান করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্রীদের বলেন ‘বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষকের মতো আমি আফতাব গর্দভ নই। আমি কাউকে পরোয়া করি না।’
এ বিষয়ে জানতে প্রীতিলতা ছাত্রীবাসের প্রাধ্যক্ষ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি আজ (রোববার) রাতে ছাত্রীদের সঙ্গে বসব। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমঝোতার চেষ্টা করব।’