বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ বিনির্মাণে বিশেষ অবদান রাখার জন্য সাংবাদিক অশোক সেনের নামে যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে অশোক সেন স্মৃতি পরিষদের উদ্যোগে যশোর প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর শাখার বন্ধুদের এ সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অশোক সেন স্মৃতি পরিষদের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। বক্তব্য দেন সমকাল পত্রিকার যুগ্ম সম্পাদক অজয় দাশগুপ্ত, অশোক সেনের ছেলে অর্ণব সেন, শিক্ষাবিদ তারাপদ দাস, রাজনীতিক কাজী আবদুস শহীদ, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সভানেত্রী হাবিবা শেফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারুন-অর-রশীদ, সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ, বন্ধুসভার উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য যশোরের প্রবীণ সাংবাদিক জীবন বোসকে ‘অশোক সেন সম্মাননা পদক-২০১০’ ও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। বন্ধুসভার কর্মসূচিএদিকে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সকাল নয়টায় যশোর শহরের বেজপাড়ায় অশোক সেনের বাড়ি গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় প্রয়াত অশোক সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বেলা তিনটায় প্রথম আলো যশোর কার্যালয়ে স্মরণসভার অয়োজন করা হয়। বন্ধুসভার সভাপতি শুভঙ্কর গুপ্তের সভাপতিত্বে এতে স্মৃতিচারণা করেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার বন্ধু নাজমা পারভীন, আফজাল হোসেন, উম্মে মাকসুদা, সাইদুর রহমান প্রমুখ।