অশোভন আচরণ নাকি ভুল-বোঝাবুঝি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক রোগীকে নিয়ে যাওয়ার পর শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ান রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরে তাঁকে প্রায় তিন ঘণ্টা হাসপাতালে আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের নেতারা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

 শিক্ষানবিশ চিকিৎসকেরা অভিযোগ করেন, কর্তব্যরত এক নারী চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করেন চেয়ারম্যান। এ কারণে তাঁকে আটকে রাখা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। হাসপাতাল থেকে রাত সোয়া নয়টায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে সামান্য তর্কাতর্কি হয়েছে। এটা ভুল বোঝাবুঝি।

 সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা চেয়ারম্যানকে আটকে রাখা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এরপর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খানে ঘটনাস্থলে গেলে তাঁকে মুচলেখা দেন চেয়ারম্যান। এরপর তিনি ছাড়া পান। এহসানুল হায়দার চৌধুরী উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কাউকে আটকে রাখা হয়নি।

চমেক হাসপাতালের উপপরিচালক দিদারউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আপাতত আমরা মিটমাট করে দিয়েছি। এরপরও তদন্ত কমিটি গঠন করা হবে।’