অশোভন আচরণকারী আইনজীবীর সাজা প্রত্যাহারের সিদ্ধান্ত
বিচারকের সঙ্গে অশোভন আচরণকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামের সাজার রায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তিনি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি।
আজ বৃহস্পতিবার সাইফুল ইসলামকে অশোভন আচরণের অভিযোগে পাঁচ দিনের সাজা দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ নুরুন্নাহার বেগম। একই সঙ্গে তাঁকে ২০০ টাকা জরিমানাও করা হয়।
পরে এ নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের সঙ্গে ঢাকা আইনজীবী সমিতি বৈঠক করে। বৈঠকে বিকেলের দিকে সাজা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
আদালত সূত্র জানায়, বিচারক নুরুন্নাহার বেগম একটি মামলায় গতকাল বুধবার জাহিদ হোসেন বাবু নামের এক আসামিকে আট মাসের সাজা ও পাঁচ লাখ টাকা জরিমানা করে রায় দেন। ওই মামলার আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম।
আদালতের কর্মচারীরা বলেন, আজ সকালে সাইফুল ইসলামসহ তিনজন আইনজীবী বিচারকের খাস কামরায় গিয়ে ওই রায়ের বিষয়ে জানতে চান। এ নিয়ে বিচারকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল অশোভন আচরণ করলে বিচারক তাঁকে সাজা দেন।