অশোভনীয় আশাবাদের রাজনৈতিক চাতুর্যপূর্ণ বাজেট: জামায়াত
প্রস্তাবিত বাজেটকে ‘অশোভনীয় আশাবাদের রাজনৈতিক চাতুর্যপূর্ণ বাজেট’ বলে আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন। তিনি বলেন, বাস্তবায়নের দায়হীন, সরকার ও সরকারদলীয় স্বার্থরক্ষার এবং নির্বাচনী বৈতরণি পার হওয়ার এ বাজেট জনগণ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচিবহির্ভূত প্রকল্পে তিন হাজার ১৫ কোটি টাকা এবং কাজের বিনিময়ে খাদ্য খাতে এক হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মূলত ‘আওয়ামী মহাজোটের’ নেতা-কর্মীদের মোটাতাজা করার জন্য। বাজেটে কালোটাকা সাদা করার অনৈতিক ব্যবস্থা দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। এ ছাড়া নিউজপ্রিন্টের ওপর থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করাকে সরকারের সংবাদপত্র দলননীতিরই ফল মনে করে জামায়াত। শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের কথা বলে এ খাতে কোনো বরাদ্দ রাখা এবং বাজেট বক্তৃতায় এমপিওভুক্ত সম্পর্কে একটি কথাও না বলায় হতাশা প্রকাশ করেছে দলটি। বিবৃতিতে ‘সহিংস প্রতিবাদ, সহিংস হরতাল, সম্পদ বিধ্বংসী কর্মকাণ্ড, শিবির-জামায়াতের সন্ত্রাস, ভাঙচুর ও হত্যা আপনারা রোধ করুন’ মর্মে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী যে কথা বলেছেন, তার প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলটির দাবি, বাজেট বক্তৃতায় বিরোধী দলকে লক্ষ্য করে এ ধরনের ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’ মন্তব্য করার নজির নেই।