অশ্বিনীকুমার দত্তের পুকুর রক্ষার দাবি
বরিশালে স্বদেশি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ অশ্বিনীকুমার দত্তের বাসভবনের পুকুর রক্ষার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষর কাছে গিয়ে ওই দাবি জানান তাঁরা।
গতকাল শনিবার বেলা দেড়টায় অশ্বিনীকুমার দত্তের বাসভবনে (বর্তমান বরিশাল কলেজ) গিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে প্রতিবাদও জানান বিভিন্ন সংগঠনের নেতারা।
অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বধ্যভূমি ও পুকুর রক্ষা আন্দোলনের আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, ‘অশ্বিনীকুমার দত্তের বাসভবনের পুকুরটি প্রায় ২০০ বছরের পুরোনো। এর সঙ্গে নগরের ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে আছে। তাই এটি রক্ষা করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কোনোভাবেই এটিকে নিশ্চিহ্ন করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা নিতে হবে।’
জবাবে কলেজ অধ্যক্ষ খোন্দকার অলিউল ইসলাম জানান, পাশে মসজিদ নির্মাণ করতে গিয়ে এর মাটি কিছুটা পুকুরে পড়েছে। ওই মাটি ওখান থেকে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে পুকুরটি সংস্কার ও সংরক্ষণেরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী বরিশালের সাবেক সভাপতি কাজল ঘোষ, নদী-খাল ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী। প্রসঙ্গত, ‘এখন নিশ্চিহ্ন হওয়ার পথে অশ্বিনীকুমার দত্তের বাসভবনের পুকুর’ শিরোনামে শুক্রবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর গতকাল প্রতিবাদ এবং রক্ষার দাবি তোলে বিভিন্ন সংগঠন।