অশ্বিনীকুমার দত্তের ১৬১তম জন্মজয়ন্তী উদ্যাপিত

সত্য, প্রেম আর পবিত্রতার মন্ত্র নিয়ে গড়ে তোলা ব্রজমোহন কলেজের (বিএম) প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনীকুমার দত্তের ১৬১তম জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিএম কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে শিক্ষার আলোকবর্তিকা অশ্বিনীকুমার দত্ত। তাঁর ছোঁয়ায় ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা পেয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বরিশাল তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন।
উত্তরণের সভাপতি রোকন ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, অধ্যাপক শাহ সাজেদা, শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইউম উদ্দিন আহম্মেদ, কলেজছাত্র কর্ম পরিষদের সহসভাপতি মইন তুষার, সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত প্রমুখ অংশ নেন।