অশ্লীল ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার
নাটোরে এক কিশোরীর অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার সময় তার বান্ধবীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শহরের বড়গাছা মহল্লায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল শেখের বাড়িতে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল শেখ এবং ওই কিশোরীর বান্ধবীর নামে মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের তেবাড়িয়া মহল্লার মিতু খাতুন (১৭) তার এক বান্ধবীকে বেড়ানোর কথা বলে বড়গাছা মহল্লায় ওই কাউন্সিলরের বাড়িতে যায়। মিতু বাড়ির একটি কক্ষে কাউন্সিলরের মুঠোফোন দিয়ে কৌশলে তার বান্ধবীর কিছু অশ্লীল ছবি তুলে মুঠোফোনটি কাউন্সিলরের কাছে তুলে দেয়। এরপর তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল। ভুক্তভোগী কিশোরী ঘটনাটি তাৎক্ষণিক মুঠোফোনে তার মাকে জানায়। মা বিষয়টি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে পুলিশ অভিযান চালিয়ে মিতু খাতুনকে ওই অশ্লীল ছবিসহ আটক করে। বিকেলে কিশোরীর মা সদর থানায় মামলা করেন। কিশোরীর মা অভিযোগ করেছেন, তাঁর মেয়ের সঙ্গে প্রতারণা করার জন্য কাউন্সিলর মিতুকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। তবে কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হয়েছে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাউন্সিলরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।