অশ্লীল নাচ ও জুয়া বন্ধের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল নাচ ও জুয়া বন্ধ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবি জানানো হয়।
গতকাল দুপুরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনের ছত্রচ্ছায়ায় উপজেলার বিভিন্ন এলাকায় যাত্রার নামে অশ্লীল নাচের প্রদর্শন ও জুয়া খেলা চলছে। এলাকার মানুষ এসব আসরে গিয়ে টাকা খোয়াচ্ছেন। এ কারণে দুই মাসে পুলিশ-সাংবাদিকসহ ১৯ জনের মোটরসাইকেল ছিনতাই হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, ‘আওয়ামী লীগের লোকজন টাকা না পেয়ে মিছিল করেছেন। তবে আমি এখনই এসব বন্ধের ব্যবস্থা করছি।’