‘ভাষার জন্য যুদ্ধ, ফাইভ অ্যান্ড টু ফিফটি টু’, ‘গুপী গাইন বাঘা বাইন নাম্বার নাইন’, ‘বরিশালের ভাষায়, তুই আর মুই নাম্বার দুই’—মাইকে ঘোষকের এমন সব ঘোষণায় সন্ধ্যার পর থেকেই টিকে থাকা দায় হয়ে ওঠে আশুলিয়ার গাজীরচটের বাসিন্দাদের। ঘোষণা আসে হাউজির আসর থেকে।শুধু হাউজিই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ‘ওয়ান এইট’ ও ‘ওয়ান টেন’ বা এ ধরনের জুয়ার আসর। আর পাশেই যাত্রাপালার মঞ্চে অশ্লীল নৃত্য। এসবের কোনোটির জন্যই নেওয়া হয়নি প্রশাসনের অনুমতি।খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস ধরে যাত্রার নামে জুয়া ও হাউজি চলছে রাজধানীর অদূরে আশুলিয়ার গাজীরচট এলাকার একটি হাউজিংয়ের মাঠে। প্রতিদিন রাত আটটার পরে শুরু এই আসর শেষ হয় ভোররাতে। রাত একটার পরে যাত্রামঞ্চে শুরু হয় অশ্লীল নৃত্য।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই হাউজি ও জুয়ার আসরে উপস্থিত হতে থাকে লোকজন। রাত নয়টার মধ্যে অন্তত দেড় হাজার লোক জড়ো হয়ে যায়। নিজেদের পছন্দমতো হাউজি ও জুয়ার আসরে অংশ নিয়ে মেতে ওঠে হার-জিতের খেলায়। প্রতি রাতে এসব জুয়া আর হাউজির আসরে অন্তত ৫০ লাখ টাকার লেনদেন হয়, যার সিংহভাগই যায় জুয়াড়িদের পকেটে। সর্বস্বান্ত হয়ে শূন্য হাতে বাড়ি ফেরে অংশগ্রহণকারীরা।‘ওয়ান টেন’ খেলতে গাজীরচট জুয়ার আসরে শনিবার রাতে উপস্থিত হন ঢাকার ধামরাইয়ের সুয়াপুরের একজন ব্যবসায়ী। রাতভর জুয়া খেলে দেড় লাখ টাকা হেরে তিনি শূন্য হাতে বাড়ি ফেরেন। কাঠগড়া থেকে আসা আরেক ব্যবসায়ী একই রাতে হেরে যান প্রায় দুই লাখ টাকা।যাত্রাপালা দেখতে এক কলেজশিক্ষার্থী শনিবার রাতে গিয়েছিলেন গাজীরচটে। যাত্রা শুরুর আগেই তাঁর কাছে থাকা টাকা জুয়ার আসরে হেরে বসেন। পরে টাকার অভাবে যাত্রাপালা না দেখেই তিনি বাড়ি ফেরেন। ওই শিক্ষার্থী জানান, খেয়ালবশত তিনি জুয়ায় আসক্ত হয়ে পড়েন। কয়েক দফায় হার-জিতের একপর্যায়ে তাঁর আড়াই হাজার টাকা লাভ ছিল। তবে শেষ পর্যন্ত আসল-লাভ সবই হেরে যান।শনিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বগাবাড়ী বাজার থেকে ১০০ গজ দক্ষিণে ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে একটি আবাসন প্রকল্পের মাঠে বসানো হয়েছে ওই হাউজি আর জুয়ার আসর। পাশেই যাত্রামঞ্চ। হাউজির মঞ্চের সামনে খাতা-কলম হাতে অধীর আগ্রহে হাউজির শিটে দাগ কেটে যাচ্ছে হাজার খানেক লোক। এ সময় মঞ্চ থেকে মুখরোচক ভাষায় কথা চালিয়ে যাচ্ছিলেন ঘোষক। রাত সাড়ে ১১টার দিকে সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় র্যাব-১-এর একটি টহল দল। কিছু সময় কাটিয়ে তারা চলে যায়। রাত দেড়টার দিকে সাতজন কনস্টেবল নিয়ে সেখানে যান পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। কিছু সময় জুয়ার আসরে কাটিয়ে তিনি যান যাত্রার প্যান্ডেলে। যাত্রামঞ্চে তখন চলছিল অশ্লীল নৃত্য।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাইকের শব্দে তাঁদের রাতের ঘুম হারাম হয়েছে। বিঘ্নিত হচ্ছে ছেলেমেয়েদের লেখাপড়া। প্রভাবশালী ব্যক্তিরা এসবের সঙ্গে যুক্ত থাকায় ভয়ে তাঁরা প্রতিবাদ করতে সাহস পান না। আবার প্রতি রাতেই আশুলিয়া থানাসহ সংশ্লিষ্ট অনেকেই মোটা অঙ্কের টাকা পান। এ কারণেই পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।গত এক সপ্তাহে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে এই প্রতিবেদক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুলে ধরেছেন। প্রতিবারই ওসি এসব বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। হাউজি ও জুয়ার অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।র্যাবের আইন ও গণমাধ্যম বিষয়ক পরিচালক ও কমান্ডার সোহায়েল হোসেন জানান, র্যাব হয়তো কোনো কারণে ওখানে গিয়ে থাকতে পারে। তবে জুয়া অশ্লীলতা বন্ধের দায়িত্ব পুলিশের। এ কারণেই তাঁরা ব্যবস্থা নেয়নি।