অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালাচ্ছেন যুবলীগ নেতা
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতীতলা গ্রামে পাঁচ দিন ধরে যাত্রার নামে অশ্লীল নৃত্যের আসর চলছে। পাশাপাশি ফর ও ডাব্বু দিয়ে জুয়া খেলা চলছে। সাঘাটা থানার পুলিশকে প্রতিরাতে আট হাজার টাকা উৎকোচ দিয়ে স্থানীয় যুবলীগের নেতা আবদুল বারী যাত্রা ও জুয়ার আসর চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সতীতলা গ্রামের কলেজছাত্র সোহরাব হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পুলিশকে উৎকোচ দিয়ে যাত্রা ও জুয়ার আসর চালাচ্ছেন। জুয়ার আসরে বসে শত শত মানুষ টাকা খোয়াচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। একই গ্রামের ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, যাত্রার জন্য বিকেল থেকে শব্দযন্ত্রে গান বাজানো হয়। এ কারণে বিকট শব্দে আশপাশের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগ নষ্ট হচ্ছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানিয়েও কোনো কাজ হয়নি।জানতে চাওয়া হলে কচুয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম কোনো মন্তব্য করেননি। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব উৎকোচ নিয়ে যাত্রা ও জুয়ার আসর চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তাঁর জানা নেই, খতিয়ে দেখা হচ্ছে।আবদুল বারীর জুয়া ও অশ্লীল নৃত্য চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের জন্য সামান্য ব্যবস্থা করা হয়েছে মাত্র।