অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে কারাদণ্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বাজার এলাকায় জুয়া ও যাত্রার মঞ্চে গতকাল বুধবার অভিযান চালায় প্রশাসন। এ সময় অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে পাঁচ নর্তকীকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নর্তকীদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড পাওয়া নর্তকীরা হলেন চম্পা বেগম, অঞ্জলি রানী, মুক্তা বেগম, লিমা আকতার ও স্বপ্না খাতুন।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, ভায়েরপুকুর বাজার এলাকায় যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশন করার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উচ্চ আদালতের অনুমতি থাকায় জুয়া বন্ধ করা হয়নি।
উল্লেখ্য, উপজেলার ভায়েরপুকুর বাজার এলাকায় ১৩ ডিসেম্বর থেকে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও বিভিন্ন ধরনের জুয়া খেলা চলছে। এ বিষয়ে ২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘আওয়ামী লীগের নেতা চালাচ্ছেন নগ্ননৃত্য ও জুয়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।