অশ্লীল ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ায় দণ্ড
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ এবং তা মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে দুই তরুণকে ১৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকতার হোসেন গত সোমবার এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের সাজু (২২) ও কায়জুল হাসান (২৩)। তাঁদের গত মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সাজু দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একটি বাড়িতে নিয়ে মুঠোফোনে তার অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে তিনি সেই ছবি কায়জুলের মাধ্যমে ছড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে মোনাখালি বাজারের সোহেল ভিডিও নামের একটি দোকানে অভিযান চালিয়ে প্রথমে সাজুকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দাঁড়িয়াপুর গ্রাম থেকে কায়জুলকে আটক করে সোহেল ভিডিওতে নিয়ে আসে। পরে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ইউএনও মুকতার হোসেন ঘটনাস্থলে আসেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ইউএনও আসার পর সাজু ও কায়জুলকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বাংলাদেশ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারা অনুযায়ী ১৩ মাস করে কারাদণ্ড দেন।