অশ্লীল ভিডিওচিত্র ধারণের অভিযোগে গ্রেপ্তার ১
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে বাজারে ছাড়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মঞ্জুর মণ্ডল (৪০)। তাঁর বাড়ি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা ৬ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঞ্জুর মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন।মামলা এজাহার সূত্রে জানা গেছে, মঞ্জুর মণ্ডল একটি বিমা কোম্পানিতে চাকরি করেন। তিনি বিমা করানোর কথা বলে একই গ্রামের এক ব্যক্তির বাড়ি যাতায়াত করতেন। একপর্যায়ে ওই ব্যক্তির অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর তিনি ওই মেয়ের সঙ্গে সম্পর্কের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। এতে মঞ্জুর মণ্ডল ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভিডিওচিত্র সিডি আকারে বাজারজাত করেন।মঞ্জুর মণ্ডল ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অশ্লীল ভিডিওচিত্র নির্মাণ করে তা বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন বিশ্বাস জানান, স্কুলছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঞ্জুর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।