অশ্লীল ভিডিওচিত্র বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর দণ্ড
বান্দরবানে দোকানে অশ্লীল ভিডিওচিত্র রাখা ও বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন তাঁদের দোকানগুলো।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে জেলা শহরের চৌধুরী মার্কেট, ঝুমুর মার্কেটসহ কয়েকটি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তল্লাশি চালিয়ে পাঁচটি দোকান থেকে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিওচিত্র জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে পুলিশ পাঁচ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—ওয়াহেদ শিকদার, আবুল কালাম, আমিন উল্লাহ, মো. আফসার ও জসীম উদ্দিন।বান্দরবানের নির্বাহী হাকিম মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বান্দরবান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদ উজ্জামান উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনাকারী আদালত সূত্রে জানা গেছে, ওয়াহেদ শিকদারকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, আবুল কালামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, আমিন উল্লাহকে দুই মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. আফসার ও জসীম উদ্দিনকে তিন মাস করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।জানতে চাইলে এএসপি আসাদ উজ্জামান প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগেও ভিডিও দোকানগুলোতে অভিযান চালানো হয়েছিল। সেই সময় অশ্লীল কিছু ছবি পাওয়া গেলে ব্যবসায়ীরা ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে আর এ ধরনের ভিডিও সিডি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েও অশ্লীল ভিডিওচিত্র পাওয়া যায়।বান্দরবান থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বলেন, সাজা পাওয়া ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।