অশ্লীল ভিডিওতে ছাত্রীর নাম দিয়ে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল ভিডিওচিত্রে নাম-ঠিকানা লিখে ছড়িয়ে দেওয়ায় এক ছাত্রী বাড়ি থেকে বের হতে পারছেন না। এ ঘটনায় অভিযুক্ত তরুণ জামিনে মুক্ত হয়ে ছাত্রীটির পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে।স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রীর পরিবারের ভাষ্যমতে, সারোয়ার হোসেন (১৯) নামের এক প্রতিবেশী তরুণের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে ছাত্রীর ভাই ১৩ নভেম্বর সারোয়ারের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই দিন তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু ওই দিনই তিনি জামিনে ছাড়া পান। তিনি নবম শ্রেণীর ছাত্র মর্মে আদালতে কাগজপত্র দাখিল করেছেন।গতকাল বুধবার দুপুরে সারোয়ারের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শতাধিক নারী-পুুরুষ নবাবগঞ্জ শহরে মিছিল করেন। তাঁরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দিয়েছেন। পরে নবাবগঞ্জ বাজারে ইসলামপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সমাবেশে বক্তরা অবিলম্বে সারোয়ারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।ওই ছাত্রীর বড় ভাই জানান, জামিনে এসে ওই তরুণ তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে তাঁর বোন কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম জানান, সারোয়ার পুলিশকে জানিয়েছেন, ওই ছাত্রী তাঁর নিকটাত্মীয়। তিনি ছাত্রীটিকে পছন্দ করতেন। কিন্তু তাঁর প্রস্তাবে ওই ছাত্রী সাড়া দিতেন না। গত রমজান মাসে তিনি একটি অশ্লীল ভিডিওচিত্র পান। এতে যে নারীর ছবি আছে, তা দেখতে অনেকটা ওই ছাত্রীর মতো। ভিডিওচিত্রে ওই ছাত্রীর নাম-ঠিকানা লিখে তা তাঁর বন্ধুদের কাছে ও পরে বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে ছড়িয়ে দেন।এ বিষয়ে সারোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে এ ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। প্রতিবেশী তৌফিকুল ইসলাম, সাহাজুল ইসলামসহ কয়েকজন যুবক ওই ভিডিওচিত্র ছড়িয়ে দিয়েছেন বলে সারোয়ারের দাবি।তবে তৌফিকুল ইসলাম ও সাহাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সারোয়ার তাঁদের ডেকে নিয়ে ওই ভিডিওচিত্র মুঠোফোনে ভরে দেন।ছাত্রীর পরিবারকে হুমকির প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর বলেন, ছেলের পরিবার প্রভাবশালী। তিনি হুমকি দেওয়ার কথা শুনেছেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলামসহ এলাকার বেশ কয়েকজন জানান, ঘটনার পর থেকে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা লোকলজ্জায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তাঁরা এখন অনেকটা একঘরে জীবন যাপন করছেন।বিনোদনগর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মিথ্যা প্রচারণায় ওই মেয়ে ও তাঁর পরিবারের মানসমঞ্চান হুমকির মুখে। ওসি মমিনুল ইসলাম জানান, ছেলেটি লিখিতভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি কলেজে লেখাপাড়া করেন, সেটাও লিখিতভাবে জানিয়েছেন। এ ঘটনায় মেয়ের পরিবারকে নিরাপত্তা দেওয়াসহ দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।