দেশি-বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকায় ও বিজ্ঞাপনে নারীকে অশ্লীলভাবে উপস্থাপনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারীমুক্তি কেন্দ্র। সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এরপর মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে নারীমুক্তি কেন্দ্রের দিনাজপুর শাখার সংগঠক আরজুনা বেগমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের সদস্য মর্জিনা আকতার, শিক্ষক মো. সফিকুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খানসামা থানা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন। বক্তারা নারী পাচার, নারী নির্যাতন, ধর্ষণ ও অপহরণের মূল কারণ হিসেবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নারীদের কুৎসিতভাবে উপস্থাপনকে দায়ী করেন। নারীদের এ ধরনের উপস্থাপনকে প্রতিরোধে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।