অষ্টগ্রামে অপহূত স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে দুই দিন আগে অন্তু সরকার (১০) নামে অপহরণ হওয়া স্কুলছাত্রের গলাকাটা লাশ গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের একটি চালকলের ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।তবে লাশটি উদ্ধারের আগেই গতকাল সকালে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মধু সরকার নামের এক যুবককে আটক করে।পুলিশ ও ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, অন্তু উপজেলার বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে বাঙ্গালপাড়ার কলা ব্যবসায়ী নিতাই রঞ্জন সরকারের ছেলে। গত শনিবার বিকেলে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফেরেনি। পরদিন রোববার অন্তুকে অপহরণ করা হয়েছে দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে নিতাই রঞ্জনের সঙ্গে যোগাযোগ করেন। ছেলেকে ফিরে পেতে হলে তিন লাখ টাকা নিয়ে অষ্টগ্রাম সদরে যেতে বলেন লোকটি। তারপরই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কথামতো অন্তুর পরিবারের সদস্যরা ওই দিনই সদরে ছুটে যান। কিন্তু ওই মুঠোফোন থেকে আর ফোন আসেনি। অন্তুর পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল সোমবার সকালে আবার ফোন আসে। ফোনে টাকা সংগ্রহ করে রাখা এবং পুলিশকে না জানাতে নির্দেশ দেওয়া হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে অন্তুদের প্রতিবেশী মধুকে আটক করে। জিজ্ঞাসাবাদে অবশ্য তিনি ছেলেটিকে অপহরণের কথা অস্বীকার করেন। তবে বিকেলে মধুর বাড়ির পাশে তাঁর চালকলের একটি ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে জানায়। পুলিশ এসে তালাবদ্ধ ঘরটি খুলে অন্তুর লাশ উদ্ধার করে। নিতাই রঞ্জন বলেন, ‘মধুর সঙ্গে আমার নানা বিরোধ ছিল। আমার বিশ্বাস, খুনের সঙ্গে তিনি জড়িত।’অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সকালেই মধুকে আটক করা হয়। সন্ধ্যায় তাঁর চালকল থেকেই লাশটি উদ্ধার হয়।