অষ্টগ্রামে অভিনব কায়দায় জমি ও বসতঘর দখল
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া এলাকায় গ্রাম্য চিকিত্সক ফয়েজ উদ্দিন অভিনব পন্থায় দখল করে নিয়েছেন চিকিত্সক মোমেনের চার শতাংশ জমি ও বসতঘর। গ্রামের ২০ সদস্যের একটি মহিলা দল এ দখলের কাজে অংশ নেয়। এ ব্যাপারে গতকাল বুধবার অষ্টগ্রাম থানায় মামলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলকারী মহিলাদের বসতঘর থেকে উচ্ছেদ করতে গিয়েও তাদের বাধায় ফিরে আসতে বাধ্য হয়।পুলিশ, মামলার এজাহার ও মোমেনের পরিবার জানায়, গ্রাম্য চিকিত্সক ফয়েজ গত ২৯ জানুয়ারি মোমেনের বাঙালপাড়ায় চার শতাংশ জমি ও একটি বসতঘর এলাকার কিছু মহিলাকে পাঠিয়ে দখলে নেন। খবর পেয়ে ঢাকা থেকে মোমেন বাঙালপাড়ায় ফিরে দখল করা ভূমি ও ঘর উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মহিলাদের বাধার কারণে তিনি ফিরে আসতে বাধ্য হন। পরে তিনি অষ্টগ্রাম থানায় ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাদের উচ্ছেদের চেষ্টা করে। কিন্তু মহিলারা সেখানে বিব্রতকর এক পরিস্থিতির সৃষ্টি করে। এতে পুলিশ বাধ্য হয় ঘটনাস্থল থেকে ফিরে আসতে।এ ব্যাপারে মোমেনের চাচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনু মিয়া বাদী হয়ে ফয়েজ উদ্দিন, আবেদ মিয়া, আরিফ, আতিক, তারেক, কামাল মিয়া, খায়ের মিয়া, জামান মিয়া ও কালামকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা করেছেন।দখলদার গ্রাম্য চিকিত্সক ফয়েজ উদ্দিনের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, মহিলাদের মাধ্যমে ভূমি ও ঘর দখল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। এ ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।