কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের বাজুকা গ্রামের সংখ্যালঘু পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। মদ বিক্রি না করায় গত শুক্রবার রাতে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ওই ঘটনা ঘটান।এলাকার অনেকে ও পুলিশ জানান, আবদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার তাঁর লোকজন নিয়ে শুক্রবার রাত নয়টার দিকে বাজুকা বাজারসংলগ্ন মুচিপাড়ায় মদ আনতে যান। এ সময় পরিবারের সদস্যরা মদ বিক্রি করা সম্ভব নয় বলে জানালে ক্ষুব্ধ হন ওই ইউপি সদস্য। একপর্যায়ে দেলোয়ার তাঁদের ওপর হামলা চালান ও ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেন। এ সময় তাঁরা প্রতিবাদ করলে তিনি দা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন।আহত বক্তিরা হলেন খুদিয়া রবিদাস, সরস্বতী রবিদাস, লিটন রবিদাস, গীতা রবিদাস ও চম্পা রবিদাস। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দেলোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।