অষ্টগ্রামে এক রাতে ৭ দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক রাতে সাত ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার কলমা ইউনিয়নের সাপান্ত বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীরা এ কথা জানান।গতকাল সোমবার সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) জামাল উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাজারের কাপড় ব্যবসায়ী রাধাকৃষ্ণ দাস অষ্টগ্রাম থানায় মামলা করেছেন। ব্যবসায়ীরা বলেন, হাওরে সাপান্ত বাজার প্রসিদ্ধ। রোববার রাত ১১টার পর ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করেন। রাত একটার পর ১৪-১৫ জনের একদল ডাকাত ট্রলারযোগে এসে বাজারে ঢোকে। তারা প্রথমে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতেরা বাজারের পাঁচ ব্যবসায়ীকে অবরুদ্ধ করে। এরপর তারা একে একে সাতটি দোকানে লুটপাট চালায়। কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মামলার বাদী রাধাকৃঞ্চ দাস বলেন, ‘ডাকাতেরা আমার দোকান থেকে তৈরি পোশাক, থানকাপড় ও সেলাই মেশিন নিয়ে গেছে। এসব জিনিসের দাম কম করে হলেও আট লাখ টাকা হবে।’ব্যবসায়ীদের দাবি, ডাকাতেরা সাত ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকাসহ প্রায় ১২ লাখ টাকা দামের মালামাল লুটে নিয়ে গেছে। সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) জামাল উদ্দিন ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।