অষ্টগ্রামে ছয় শিক্ষক সাময়িক বরখাস্ত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির টাকা আত্মসাতের অভিযোগে ছয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক রয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গত বৃহস্পতিবার ওই ছয় শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেন। বহিষ্কৃত শিক্ষকেরা হলেন মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ইকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরশ মিয়া, পশ্চিম অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন গোলাম সারোয়ার, বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন সরকার, আরারপাড়া ঋষিপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন গোলাম জিলানী। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষকেরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখা থেকে ২০০০ সালে দুই লাখ ১০ হাজার ৮৫০ টাকা ঋণ নেন। পরে তাঁরা আর তা পরিশোধ করেননি। শিক্ষক সমিতি কার্যকরী পর্ষদের সিদ্ধান্তমতে, অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর ছয় শিক্ষকের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা করা হয়। সম্প্রতি ওই ছয় শিক্ষক আদালত থেকে জামিন পান।মামলার বাদী প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শহীদুল হক খন্দকার বলেন, শিক্ষকদের টাকায় সমিতির তহবিল গঠিত হয়। ওই তহবিল থেকে ঋণ হিসেবে টাকা নিয়ে অভিযুক্ত শিক্ষকেরা টাকা ফেরত দিচ্ছিলেন না। এ কারণে বাধ্য হয়ে আমাদের আইনি লড়াইয়ে যেতে হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া ইকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরশ মিয়া বলেন, ‘নিজেদের প্রয়োজনে ঋণ নিয়েছিলাম। কিছু পরিশোধ করেছি, পুরোটা পারিনি।’ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধি অনুযায়ী, অর্থ আত্মসাতের মামলায় জামিনপ্রাপ্ত হলে তাঁদের আর চাকরিতে বহাল রাখা যায় না। সেই কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।