অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আ. রহিম খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুন্দর আলী (৫০) ও ইদ্রিস আলী (৪০) নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত রহিম খান ওরফে বাচ্চু খানের বাড়ি উপজেলার পূর্ব অষ্টগ্রামে। গত মঙ্গলবার দুপুরে গ্রামের মুসাহেবের বাড়ি সড়ক এলাকায় তিনি স্থানীয় আমির আলীর সমর্থকদের হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী জানান, আমির আলীর প্রতিবেশী রহিম খান। একটি জমির মালিকানা নিয়ে কয়েক বছর ধরে উভয়ে বিরোধে জড়িয়ে পড়েন। সমপ্রতি তাঁদের এই বিরোধ চরমে ওঠে। বিরোধকে ঘিরে কয়েক দিন আগে আমির আলীকে রহিম খানের সমর্থকেরা মারধর করেন। গুরুতর আহতাবস্থায় আমির আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রহিম খান মুসাহেবের বাড়ি সড়ক এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আমির আলীর সমর্থকেরা তাঁকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, মূলত জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রহিম খান। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে ভৈরব থেকে রুবেল মিয়া (২৪) নামের একজন বাসচালকের সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রুবেলের বাড়ি নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী ভৈরব থানায় হত্যা মামলা করেছেন। পরিবারের সদস্যরা জানান, রুবেল পরিবহন পেশার পাশাপাশি ব্যবসা করতেন। ব্যবসায়িক বিষয়াদি নিয়ে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। স্ত্রী প্রিয়া বেগম বলেন, মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হওয়ার পর রুবেল আর বাড়ি ফেরেননি। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে রুবেলকে মেরে ফেলা হতে পারে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।