অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুুল্লাহপুরে সরকারি জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ছায়রাচাদ্রী জলমহাল নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশার সঙ্গে স্থানীয় মান্নান খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রোববার গভীর রাতে মান্নান খাঁর লোকজন জলমহালের দখল নিতে যায়। খবর পেয়ে কামাল পাশার লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ টেঁটা, বল্লম ও বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে রুবেল খাঁ, ইয়াহিয়া খাঁ, সোহরাব খাঁ, সুজন খাঁ, দুলাল, হুমায়ূন খাঁ ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কুতুব ও হানিফকে হবিগঞ্জ জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামাল মিয়া, খলিল মিয়া ও সোহরাব মিয়াকে ভর্তি করা হয়েছে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মান্নান খাঁর পক্ষের মমতাজ খানম বলেন, ‘আদালতের রায় পেয়ে আমাদের লোকজন জলমহালের দখল নিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে আমাদের অনেক লোক আহত হন।’চেয়ারম্যান কামাল পাশা বলেন, ‘প্রতিপক্ষ গভীর রাতে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করেছে। এ ব্যাপারে থানায় মামলা করব।’অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এখনো থানায় আসেনি।’