অষ্টগ্রামে ট্রলারডুবিতে মারা গেছেন তিনজন, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গতকাল সোমবার যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে তিন শিশু।নিহত ব্যক্তিরা হলেন অষ্টগ্রাম উপজেলার দাসপাড়ার লালমোহন সূত্রধরের স্ত্রী রত্না রানী সূত্রধর (৩৫), হরিমোহন সূত্রধরের স্ত্রী আরতী সূত্রধর (২৫) ও শেম্ভু সরকারের স্ত্রী পুষ্প রানী সরকার (৪০)। নিখোঁজ আছে লালমোহন সূত্রধরের মেয়ে লাকী রানী (৭), শেম্ভু সরকারের মেয়ে রূপালী সরকার (১০) ও দাসপাড়ার অনু দেবনাথের ছেলে জীবন দেবনাথ (৬)।বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অষ্টগ্রাম লঞ্চঘাট থেকে দুপুর সোয়া ১২টার দিকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বাঙ্গালপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি ঘাট থেকে দু-তিন শ গজ দূরে যাওয়ার পর কুলিয়ারচর থেকে এমভি কুলিয়ারচর-২ নামের যাত্রীবাহী একটি লঞ্চ ঘাটের দিকে আসে। এ সময় পানিতে সৃষ্ট ঘূর্ণিতে ট্রলারটি ডুবে যায়। ঘাটে অপেক্ষমাণ লোকজন ও অন্য ট্রলারগুলো তাত্ক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব প্রধান ঘাটে আসেন। তাঁদের উপস্থিতিতে জাল দিয়ে রত্না রানী, আরতী সূত্রধর ও পুষ্প রানীর লাশ উদ্ধার করা হয়।রত্নার স্বামী লালমোহন সূত্রধর জানান, ধর্মীয় অনুষ্ঠানে যেতে তিনি স্ত্রী ও শিশুসন্তান লাকীকে নিয়ে ট্রলারে উঠেছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর তিনি সাঁতার কেটে তীরে উঠতে পারলেও স্ত্রী ও সন্তান ডুবে যায়। এখন পর্যন্ত লাকীর খোঁজ পাওয়া যায়নি।ইউএনও সেবাস্টিন রেমা জানান, নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে সামান্য প্রতিকূলতায় ট্রলারটি ডুবে যায় বলে মনে হচ্ছে। ওসি আ. রব প্রধান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার হওয়া মৃতদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিন শিশু এখনো নিখোঁজ।স্পিকারের শোক: লঞ্চডুবিতে তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এক শোকবার্তায় তিনি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।