অষ্টগ্রামে ডাকাতের গুলিতে নির্মাণশ্রমিক নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনা নদীতে ডাকাতের গুলিতে আবুল হোসেন (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় দুই ঠিকাদারসহ আহত হয়েছেন আরও ছয়জন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে নয়টি মোবাইল, তিন লাখ ২৭ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাত ১২টার দিকে মেঘনা নদীর অষ্টগ্রাম মোহনার কাস্তুলের কারানল এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ট্রলারের মাঝি জয়নাল মিয়া অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। তিনি ফোনে প্রথম আলোকে বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারা এসেই রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এরপর সবকিছু নিয়ে যাওয়ার সময় ডাকাতরা গুলি ছোড়ে। এতে আবুল হোসেন ও বাচ্চু মিয়া গুলিবিদ্ধ হন। তাঁদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ ভোরে আবুল হোসেন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলাশবাড়ী এলাকায়। এ ছাড়া ডাকাতদের হামলায় আহত নির্মাণশ্রমিক ইদ্রিস আলী, রাজমিস্ত্রি সাদ্দাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, অষ্টগ্রাম-বাজিতপুর সড়কের নির্মাণকাজ চলছে। কাজটি করছে এমএম বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হতাহতরা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। গতকাল রাত পৌনে ১২টার দিকে অষ্টগ্রাম থেকে তাঁরা তিন লাখ ২৭ হাজার টাকা নিয়ে ব্যক্তিগত ট্রলারে করে বাজিতপুরের হুমায়ুনপুর যাচ্ছিলেন। রাত ১২টার দিকে ট্রলারটি কারানল এলাকা অতিক্রম করার সময় এ ডাকাতির ঘটনা ঘটে।
এমএম বিল্ডার্সের ব্যবস্থাপক মো. মিরন বলেন, ‘হুমায়ুনপুরে আমাদের একটি অফিস রয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করতে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর প্রয়োজন ছিল। সেই কারণে রাতেই তাঁদের টাকা দিয়ে পাঠাতে হয়।’