অষ্টগ্রামে ডাকাতের গুলিতে শ্রমিক নিহত, ঠিকাদারসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ডাকাতের গুলিতে আবুল হোসেন (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত এবং দুই ঠিকাদারসহ ছয়জন আহত হয়েছেন৷
গত রোববার রাতে মেঘনা নদীর অষ্টগ্রাম মোহনার কাস্তলের কারানল এলাকায় ডাকাতেরা একটি ট্রলারে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে৷ ডাকাতেরা ওই ট্রলারের যাত্রীদের কাছ থেকে নয়টি মুঠোফোন সেট ও তিন লাখ ২৭ হাজার টাকা লুটে নেয়৷
আবুল হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলাশবাড়ী এলাকায়৷ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হোসেন ও শ্রমিক-সরদার বাচ্চু মিয়াকে (৩০) রাতেই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গতকাল সোমবার ভোরে আবুল হোসেন মারা যান৷ এ ছাড়া আহত উপঠিকাদার হোসেন আলী (৩২) ও আবু তালেব; নির্মাণশ্রমিক ইদ্রিস আলী (২৮), রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন (২৫) ও ট্রলারের মাঝি জয়নাল মিয়াকে (৫০) অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, অষ্টগ্রাম-বাজিতপুর সড়কের নির্মাণকাজ চলছে৷ কাজটি করছে এম এম বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান৷ হতাহত ব্যক্তিরা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের সঙ্গে যুক্ত৷
রোববার রাতে অষ্টগ্রাম থেকে তাঁরা তিন লাখ ২৭ হাজার টাকা নিয়ে ব্যক্তিগত ট্রলারে করে বাজিতপুরের হুমায়ুনপুরে যাচ্ছিলেন৷ ট্রলারটি রাত পৌনে ১২টার দিকে কারানল এলাকা পার হওয়ার সময় ডাকাতেরা একটি ট্রলারে করে এসে ওই ট্রলারে হানা দেয়৷
ট্রলারের মাঝি জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল৷ এসেই তারা রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ভীতি তৈরি করে৷ সবকিছু নিয়ে যাওয়ার সময় গুলিও ছোড়ে৷ এতে আবুল হোসেন ও বাচ্চু মিয়া গুলিবিদ্ধ হন৷
এম এম বিল্ডার্সের ব্যবস্থাপক মো. মিরন বলেন, ‘হুমায়ুনপুরে আমাদের একটি কার্যালয় রয়েছে৷ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর প্রয়োজন ছিল৷ এ কারণে রাতেই তাঁদের টাকা দিয়ে পাঠানো হচ্ছিল৷’
ডাকাতের গুলিতে আবুল হোসেনের মৃত্যুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ডাকাতদের ধরতে অভিযান চলছে৷