অষ্টগ্রামে তিন সহযোগীসহ ইউপি চেয়ারম্যান হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল চুরি ও আত্মসাতের মামলায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়ন চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়া (৪৫) ও তাঁর তিন সহযোগীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন তোহিদ ভূঁইয়া (৩০), মতি মিয়া (৫০) ও ফারুক মিয়া (২৮)। এই মামলার অপর দুই আসামি আবদুল হামিদ (৪০) ও হাসেন আলী (৩৮) পলাতক রয়েছেন। জানা যায়, ২০০৮ সালের ১০ এপ্রিল আসামিরা কাস্তল ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৯৫ বস্তা চাল চুরি করার সময় আবদুল হামিদকে চার বস্তা চালসহ আটক করেন ইউপি সদস্য আশু মিয়া। পরে তাঁকে অষ্টগ্রাম পুলিশের কাছে সোপর্দ করেন। ১১ এপ্রিল আশু মিয়া চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার আবদুল হামিদ ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু তদন্ত শেষে অষ্টগ্রাম থানার পুলিশ এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। চূড়ান্ত প্রতিবেদনে মামলার বাদী আশু নারাজি প্রদান করেন। পরে আদালত মিঠামইন সার্কেলের সহকারী পুলিশ সুপারকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সহকারী পুলিশ সুপার প্রায় দেড় বছর পর আদালতে একইভাবে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। বাদী আবারও চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। এ অবস্থায় বিচারিক হাকিম শাম্মী হাসিনা পারভীন আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর আদালত অভিযুক্ত ছয় আসামির বিরুদ্ধে সমন জারি করেন। গত ৮ নভেম্বর আদালতে সমনের ধার্য তারিখ ছিল। কিন্তু আসামিরা কেউ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।গতকাল মঙ্গলবার ইউপি চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়াসহ মামলার অপর তিন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারিক হাকিম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।