অষ্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আদমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সখিলা বেগম (৪০), তানিয়া আক্তার (১২) ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পরাশরপাড়া গ্রামের রাজন মিয়া (৫)। তাদের মধ্যে সখিলা ও তানিয়া গত সোমবার সকালে উপজেলার সিতারামপুর গ্রামের বৈঠাখালী খালে নৌকা ডুবে ও পরাশরপাড়া গ্রামের রাজন মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
ইসলামপুর গ্রামের লোকজন জানান, সখিলা ও তানিয়া সোমবার সকালে দাওয়াত খেতে সিতারামপুর গ্রামে যায়। সন্ধ্যায় ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তারা বাড়ি ফিরছিল। নৌকায় সখিলা, তানিয়া ও মাঝি ছাড়া আর কেউ ছিল না। ফেরার সময় বৈঠাখালী খালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও তারা পারেনি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়। রাত সাড়ে আটটার দিকে সখিলার লাশ উদ্ধার করা হয়। আর গতকাল সকালে তানিয়ার লাশ খালে ভেসে উঠলে তাকেও এলাকাবাসী উদ্ধার করে।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাজনের মৃত্যুর বিষয়ে পরাশরপাড়া গ্রামের লোকজন জানান, মঙ্গলবার দুপুরে রাজন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজনের বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে উদ্ধার অভিযান চালায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।