অষ্টগ্রামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুরের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা শহরে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে। একই সঙ্গে ওই মিছিল থেকে উপজেলায় প্রতিদিন ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
গতকাল বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা ডাকবাংলো মাঠে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সহস্রাধিক লোক অংশ নেয়। পরে মামলা প্রত্যাহার, উপজেলায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং মামলার বাদীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি-সংবলিত একটি স্মারকলিপি স্থানীয় সাংসদ রেজুয়ান আহমেদের কাছে তুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, অষ্টগ্রাম উপজেলায় বর্তমানে গড়ে তিন থেকে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। প্রায়ই টানা কয়েক দিন বিদ্যুৎ থাকে না। এসব কারণে ১২ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ এলাকাবাসী স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কার্যক্রম যে ভাড়া করা ঘরে চালানো হচ্ছে, সেই ঘরের মালিক জহিরুল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের ৪ নম্বর আমলি আদালতে মামলা করেন।
মামলায় অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, শিক্ষক সাইফুল ইসলাম, আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থীকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।