অষ্টগ্রামে শিবলিঙ্গ চুরি, এলাকাবাসীর ক্ষোভ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার একটি মন্দির থেকে ৪০ কেজি ওজনের একটি মূল্যবান শিবলিঙ্গ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল বুধবার জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক সুবল সরকার এক বিবৃতিতে চুরির ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে পুরাকীর্তিটি উদ্ধার করার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা সোমবার রাতে পূর্ব অষ্টগ্রাম গ্রামের শ্রীশ্রী নরসিংহ দেবের আখড়ার মন্দিরের তালা ভেঙে প্রায় ৪০ কেজি ওজনের একটি মূল্যবান শিবলিঙ্গ এবং আখড়ার প্রায় ১০ হাজার টাকা দামের তৈজসপত্র ও আটটি শালগ্রাম শিলা চুরি করে। আখড়া পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত চক্রবর্তী জানান, চুরি হওয়া পুরাকীর্তি ও তৈজসপত্রগুলোর প্রকৃত মূল্য কারও জানা নেই। তবে এগুলো অত্যন্ত প্রাচীন ও মূল্যবান। মঙ্গলবার এ ব্যাপারে আখড়ার সভাপতি বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রধান জানান, পুরাকীর্তি উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।