অষ্টগ্রামে শিশু ধর্ষণের শিকার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ভোরে নাহিদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নাহিদকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।শিশুটির পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশের একটি নদীতে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী নাহিদ (১৭) শিশুটির পিছু নেয়। পরে নদীতে নামার আগে নাহিদ শিশুটিকে ধরে পাশে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে নাহিদ পালিয়ে যায়। পরে কান্নাকাটি শুনে কয়েকজন পথচারী গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। শিশুটি তার পরিবারের কাছে নাহিদের নাম উল্লেখ করে। ওই দিনই তাকে হাবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অষ্টগ্রাম থানায় নাহিদকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার আব্দুল্লাহপুর গ্রাম থেকে নাহিদকে গ্রেপ্তার করে। নাহিদ পুলিশের কাছে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, অভিযোগের সত্যতা পেয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী রোববার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।