অষ্টগ্রামে সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে হামলা, গুলিবিদ্ধ ১১
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একটি সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক পক্ষের হামলায় অপর পক্ষের ১১ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে এই দ্বন্দ্বের ফলে হাওরের ৬০০ একর ইরি-বোরোর জমিতে দুই দিন ধরে সেচ বন্ধ আছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাস্তুল ইউনিয়নের জোয়ানশাহী হাওরে ৬০০ একর জমি রয়েছে। বিএডিসির নিয়ন্ত্রণে ‘বৃহত্তর বাহাদুরপুর সেচ প্রকল্প’ নামে ওই হাওরে সেচকাজ চালানো হয়। সেচকাজ চালানোর জন্য কৃষকের মধ্য থেকে একজন ম্যানেজার নির্বাচিত করা হয়। গত বছর ম্যানেজার ছিলেন বাহাদুরপুর গ্রামের খায়রুল আলম। চলতি বছর ম্যানেজার নির্বাচিত হন একই গ্রামের সেলিম আহমেদ ভূঁইয়া। তাঁর নিয়ন্ত্রণে দেড় মাস আগে থেকে জমিতে সেচের কাজ শুরু হয়। তবে এ বছর বিধি মেনে ম্যানেজার নির্বাচিত করা হয়নি—এমন অভিযোগ এনে খায়রুল আলম আদালতে যান। আদালত গত বুধবার খায়রুল আলমের পক্ষে রায় দেন এবং তাঁকে হাওরে সেচ প্রকল্প চালানোর নির্দেশ দেন। ওই দিনই খায়রুল আলমের লোকজন হাওরে গিয়ে সেচ প্রকল্প দখলে নিয়ে সেচকাজের প্রস্তুতি নেয়। এ অবস্থায় গতকাল সকাল নয়টার দিকে সেলিম আহমেদ ভূঁইয়ার লোকজন হাওরে গিয়ে খায়রুল আলমের লোকজনের ওপর চড়াও হয়।খায়রুল আলম অভিযোগ করে বলেন, ‘সেলিম আহমেদের সমর্থনে কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে শামসু ভূঁইয়া, মাসুদ ভূঁইয়া, এখলাচ উদ্দিন, সাফি উদ্দিন, এরশাদ মল্লিক, মনির মিয়া, তৌহিদ মিয়া, সিরাজ মিয়া, আবদুল হাই, রেশম খান, ফায়েজ মিয়াসহ প্রায় ৪০-৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হাওরে এসে আমার লোকজনের ওপর হামলা চালান। এতে আমার পক্ষের বানতি মিয়া (২২), হোসেন মিয়া (২৪), ফজলু মিয়া (৩৫), মাজু ভূঁইয়া (৬০), শুক্কুর আলী (১৫), জান্নাতুল ফেরদৌস (৫), বাদল (২৮) কিরণ (৩৩), নাকের মিয়া (৩০), রমজান (৩৫) ও মবিন (২২) গুলিবিদ্ধ হন।’ এ ছাড়া সাধারণ গ্রামবাসীসহ আরও ২৫ জন আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে তিনি জানান।এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সেলিম আহমেদ ভূঁইয়া বলেন, ‘খায়রুল আলমের লোকজন বুধবার হাওরে গিয়ে সেচকাজ বন্ধ করে দেয় এবং আমার লোকজনকে মারধর করে। কেন সেচ দেওয়া বন্ধ করে দেওয়া হলো—জানতে আমার লোকজন আজ (বৃহস্পতিবার) হাওরে গিয়েছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’তবে চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, খায়রুল আলম ম্যানেজার থাকার সময় জমিতে ঠিকমতো সেচ দিতে পারেননি। ওই বছর অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি চিন্তা করে সেচ কমিটি এই বছর সেলিম আহমেদকে ম্যানেজার করেছে।এ ব্যাপারে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রধান প্রথম আলোকে বলেন, ‘সেচের নিয়ন্ত্রণ নিয়ে হাওরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গোলাগুলির খবর পেয়েছি, তবে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। পুলিশ পাঠানো হয়েছে।’