অষ্টগ্রামে স্কুলছাত্রী ও তার ভাই অ্যাসিডদগ্ধ একজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় গত সোমবার গভীর রাতে এক স্কুলছাত্রী ও তার ছোট ভাইয়ের ওপর এক বখাটে অ্যাসিড নিক্ষেপ করেছে। এই ঘটনায় মামলার পর আসামি গৌতম সূত্রধরকে (২৭) গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, পূর্ব অষ্টগ্রামের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের গৌতম সূত্রধর। মেয়েটি এর প্রতিবাদ করলে গৌতম ক্ষুব্ধ হন। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েটির ওপর অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। এ সময় মেয়েটির পাশে ঘুমিয়ে থাকা তার ছোট ভাইও অ্যাসিডদগ্ধ হয়। অ্যাসিডে মেয়েটির হাত ও ঊরু এবং ছোট ভাইয়ের পা ঝলসে যায়। রাতেই তাদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গতকাল বুধবার তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান জানান, মেয়েটির বাবা বখাটে গৌতম সূত্রধরকে আসামি করে অ্যাসিড দমন আইনে মামলা করেছেন।