অষ্টগ্রামে হামলায় বিএনপির নেতা আহত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির গ্রামবিষয়ক সম্পাদক সায়িদ আহমেদকে পিটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সায়িদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়িদের পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জের ধরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাছিদ মিয়ার নির্দেশে তাঁর সমর্থকেরা এ হামলা চালায়।এদিকে সায়িদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকেল পাঁচটার দিকে সদরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির আহ্বানে মিছিলটি সদর সড়ক থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।সায়িদের পরিবারের সদস্যরা জানান, ইউপি নির্বাচনে সায়িদের কাছে কাছিদ পরাজিত হন। এর পর থেকে সায়িদের পিছু নেন কাছিদ। এর জের ধরে সায়িদ বিকেলে সদর থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুুকুরপাড় অতিক্রম করার সময় সাত-আটজন তাঁকে ঘিরে ধরে। পরে তারা তাঁকে রিকশা থেকে নামিয়ে সড়কে ফেলে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় সায়িদকে পথচারীরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।কাছিদ মিয়া বলেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে মতপার্থক্য থাকলেও আমি বা আমার লোকজন হামলার সঙ্গে জড়িত নয়।’