অষ্টগ্রামের চেয়ারম্যানের গাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় মামলা
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার হওয়ার ঘটনায় মামলা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় গতকাল শুক্রবার মামলাটি করেন উপপরিদর্শক মো. মহসিন ভূঁইয়া। মাদক বহনের অভিযোগে আটককৃত গাড়ির চালক ফারুক মিয়া (৩০) ও তাঁর বন্ধু কিশোরগঞ্জের কুলিয়ারচরের রেদুয়ান মিয়াকে (২৮) গ্রেপ্তার দেখিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সরকারি জিপ গাড়িটি পুলিশ হেফাজতে আছে।চালক ফারুক মিয়া বলেন, ‘আমার বাড়ি আখাউড়ায়। বাড়িতে আসার জন্য গাড়িটি ব্যবহার করেছিলাম। আমি আখাউড়া গেছি জানতে পেরে বন্ধুরা ফেনসিডিল নিয়ে আসতে বলে। মূলত বন্ধুদের অনুরোধ রাখতে ফেনসিডিল বহন করেছিলাম।’অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ কমল মুঠোফোনে বলেন, অষ্টগ্রাম হাওরবেষ্টিত একটি উপজেলা। গাড়ি চালানোর মতো সড়ক নেই। এই কারণে গাড়িটি পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলায় রাখতে হয়।আখাউড়ায় গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘আমাকে কোনো কিছু না জানিয়েই চালক গাড়িটি ব্যবহার করে।’