অষ্টগ্রামের জোয়ানশাহী হাওরে সেচকাজ আবার শুরু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জোয়ানশাহী হাওরে সেচকাজ গতকাল শুক্রবার থেকে আবার শুরু হয়েছে। সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের উত্তেজনা ও হামলার পর হাওরের ছয় শ একর ইরি-বোরো খেতে দুই দিন সেচকাজ বন্ধ ছিল। জানা গেছে, বৃহত্তর বাহাদুরপুর সেচ প্রকল্পের বর্তমান ব্যবস্থাপক সেলিম আহমেদ ভূঁইয়ার তত্ত্বাবধায়নে পুলিশের উপস্থিতিতে গতকাল সকাল থেকে সেচকাজ শুরু হয়।এ বিষয়ে সেলিম আহমেদ ভূঁইয়ার সমর্থক কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা তো এক দিনও সেচ বন্ধ করতে চাই না। কেউ বন্ধ করে দিলে আমরা কী করব। এ বিষয়ে প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হবে।’ সেচ প্রকল্পের আগের ব্যবস্থাপক খায়রুল আলমের লোকজন গত বুধবার প্রকল্প দখলে নিয়ে সেচকাজের প্রস্তুতি নেয়। এর পরের দিন বৃহস্পতিবার সেলিম আহমেদ ভূঁইয়ার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে খায়রুল আলমের লোকজনের ওপর হামলা চালায় এবং সেচ প্রকল্প দখলে নেয়।