অষ্টগ্রামের পিআইওকে কারণ দর্শাও, লিখিত জবাব চাইলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজে হইছি কসাইয়ের মতো। সারা দিন পশু জবাই করলেও কপালে মাংস জুটে না। প্রত্যেক ডিওর টাকা স্যারদের বুঝাইয়া দেওয়া লাগে। নিজের কিছুই থাকে না।’ ঊর্ধ্বতনদের উদ্দেশে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামানের এমন মন্তব্যের কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।কিশোরগঞ্জ জেলা পিআইও হাবিবুর রহমান গতকাল সোমবার দুপুরে ওই নোটিশ দেন। কী কারণে এবং কোন উদ্দেশে এমন মন্তব্য করা হলো আগামী সাত দিনের মধ্যে আসাদুজ্জামানের কাছে লিখিত জবাব চাওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসক ছিদ্দিকুর রহমান জেলা পিআইওর কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। হাবিবুর রহমান বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা এমনভাবে কথা বলতে পারেন না। তার পরও কেন তা করলেন জানতে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ চেষ্টা করেও মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। প্রথম আলোর বিশাল বাংলায় গতকাল সোমবার ‘স্পষ্ট করে বলি, খরচ লাগবেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ২৮ জানুয়ারি বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় ও অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের মাটি ভরাট প্রকল্পের সভাপতি সাইফউদ্দিন চাহিদাপত্রের (ডিও লেটার) বরাদ্দ আনতে উপজেলা পিআইওর কাছে গেলে তিনি এসব কথা বলেন।