অষ্টগ্রামের সেই শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নির্যাতনের শিকার কিশোর-গঞ্জের হাওর-বেষ্টিত উপজেলা অষ্টগ্রামের কাস্তুল গ্রামের সেই মেয়েটিকে (১২) অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।প্রথম আলোয় ‘কী দোষ শিশুটির?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর দেশের বিভিন্ন স্থান থেকে পাঠকেরা শিশুটির সর্বশেষ অবস্থা জানতে এই প্রতিবেদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তিনি বলেন, শিশুটির বিষয়টি মানবিক আন্দোলন হিসেবে নিয়েছে এলাকাবাসী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা বলেন, ‘সারা দেশ থেকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে শিশুটির পাশে দাঁড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন।’অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল ঢাকার খিলগাঁও থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। মামলা দায়েরের অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।’অষ্টগ্রামের কাস্তুল গ্রামের ওই শিশুটিকে তার বাবা-মা অভাবের তাড়নায় এক বছর আগে কটিয়াদী উপজেলার চোরিয়াকোনা গ্রামের বাসিন্দা মুন্না মিয়ার (৪২) হাতে তুলে দেন। কাস্তুল গ্রামের দুলাল মিয়া বিষয়টির সমন্বয় করেন। শিশুটিকে ঢাকায় নিয়ে গিয়ে নানা অজুহাতে নির্যাতন করা হয়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির চাপে দুলাল ৯ সেপ্টেম্বর শিশুটিকে ফিরিয়ে আনেন।