অষ্টগ্রামের স্কুলছাত্র হূদয়কে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলছাত্র হূদয় সরকারকে (১০) গলা কেটে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রতিবেশী মধু সরকার। গত মঙ্গলবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিবুল হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।জবানবন্দিতে মধু বলেন, প্রায় তিন বছর আগে বাঙ্গালপাড়া এলাকার একটি দোকান থেকে তিনি একটি ভিডিও সিডি আনেন। দেখার পর তিনি সিডিটি দোকানে ফেরত দেওয়ার জন্য হূদয়কে দেন। কিন্তু সেটি ফেরত না দেওয়ায় দোকানের মালিক পরদিন মধুকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে হূদয়কে মারধর করেন মধু। ঘটনা জানতে পেরে হূদয়ের বাবা নিতাই রঞ্জন সরকার মধুকে মারধর করেন। এ ঘটনার চার মাস পর তিনি একটি পোশাক কারখানায় কাজ নিয়ে গাজীপুরে চলে যান। ছুটিতে গ্রামে এলে হূদয়ের বাবা ও মা তাঁকে (মধু) অভিশাপ দিতেন। বলতেন, দুর্ঘটনায় কত মানুষ মারা যায়, গাজীপর থেকে আসার পথে তিনি (মধু) মারা যান না কেন। এসব কথাবার্তায় তিনি ক্ষুব্ধ হয়ে হূদয়কে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।জবানবন্দিতে মধু স্বীকার করেন, কিছুদিন আগে বাড়িতে ফিরে তিনি হূদয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার তিনি হূদয়কে বাঙ্গালপাড়া বাজারের রোটারি চালকলে নিয়ে যান। একপর্যায়ে দইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তিনি শিশুটিকে খাওয়ান। দই খাওয়ার ১০ মিনিটের মধ্যে হূদয় ঘুমিয়ে পড়লে তিনি গলা কেটে শিশুটিকে হত্যা করেন। এরপর লাশ বস্তায় ভরে একটি কক্ষে রেখে চলে আসেন। পরে তিনি হূদয়ের বাবার মুঠোফোনে যোগাযোগ করে হূদয়কে অপহরণের কথা বলেন এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, মামলার তদন্ত অব্যাহত আছে। মধু ইতিমধ্যে বিচারিক হাকিমের কাছে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে লাশটি যেভাবে বস্তায় ভরা হয়েছে, তা তাঁর একার পক্ষে সম্ভব কি না খতিয়ে দেখা হচ্ছে।উপজেলার বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হূদয় গত শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন মুঠোফোনে তার বাবা নিতাই সরকারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সন্ধ্যার পর চালকলের শ্রমিকদের একটি কক্ষ থেকে হূদয়ের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর মধু সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিতাই সরকার বাদী হয়ে অষ্টগ্রাম থানায় হত্যা মামলা করেন।